আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ নয়, বিএনপিই জাতির সঙ্গে ছলচাতুরী করে। তিনি বলেন, আওয়ামী লীগই প্রথম শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। শনিবার দলের ২২তম জাতীয় সম্মেলনের স্বাস্থ্য ও জনসংখ্যা উপকমিটির প্রস্তুতি সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।আওয়ামী লীগ দেশের মানুষের সঙ্গে ছলচাতুরী করেছে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা পদ্মা সেতু করেছি, মেট্রোরেল করেছি। রাস্তাঘাট-সেতু করেছি, এক দিনে ১০০ সেতু উদ্বোধন করেছি। আর ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন হবে। তাহলে ছলচাতুরী কোথায় করলাম?’সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, এ বছর শুধু উদ্বোধন আর উদ্বোধন হবে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন প্রকল্পের কাজ প্রায় শেষ।আওয়ামী লীগ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করার কথা বলেছিলেন, আমরা করেছি। এবার ৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ করার ঘোষণা দিয়েছেন তিনি। জাতীয় সম্মেলনে, নির্বাচনেও থাকবে এ অঙ্গীকার।’