ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুইন লুইস বাংলাদেশের ৫২তম বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, জাতিসংঘের উন্নয়ন এজেন্ডা এবং সারাবিশ্বে শান্তি কর্মসূচি বাস্তবায়নেও বাংলাদেশ অবদান রেখেছে। বাংলাদেশ বহুপাক্ষিকতা, জলবায়ু ন্যায্যতা এবং স্বল্পোন্নত দেশসমূহের স্বার্থের পক্ষেও সোচ্চার রয়েছে। বাংলাদেশ ইতোমধ্যে বিশ্বের অন্যান্য দেশের জন্য অনুকরণীয় নজির হিসেবে নিজেকে গড়ে তুলতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেন জাতিসংঘের এই দূত।

গেল ১৬ ডিসেম্বর শুক্রবার এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।জাতিসংঘের এ সমন্বয়ক বলেন, জাতিসংঘ অংশীদারিত্বের ক্ষেত্রে বাংলাদেশের পাশে রয়েছে। সদ্য স্বাধীন যুদ্ধ বিধ্বস্ত ও দুর্ভিক্ষপীড়িত বাংলাদেশ একটি অসাধারণ যাত্রা শুরু করে বর্তমান অবস্থায় এসে দাঁড়িয়েছে। এরই মধ্যে জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে এলডিসি থেকে উত্তরণের দ্বারপ্রান্তে পৌঁছেছে দেশটি।

গুইন লুইস আরও বলেন, মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার অনেক আগে থেকেই মানব উন্নয়ন ও দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সাফল্য দেশটিকে অন্যান্য দেশের জন্য অনুকরণের জন্য একটি নজির হয়ে ওঠেছে।