রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশার কারণে আজ রোববার ভোর ছয়টার পর থেকে ফেরি চলাচল বন্ধ আছে। নদী পাড়ি দিতে আসা ঢাকামুখী অ্যাম্বুলেন্সসহ নানা ধরনের গাড়ির যাত্রী ও চালকেরা দুর্ভোগে পড়েছেন। কুয়াশা না কমা পর্যন্ত ফেরি ছাড়ার সুযোগ নেই বলে জানিয়েছে ফেরি কর্তৃপক্ষ। লঞ্চ চলাচলও বন্ধ আছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানায়, গতকাল শনিবার দিবাগত রাত থেকে নদী ও সড়ক পথে ঘন কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকায় দুর্ঘটনা এড়াতে সকাল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় দৌলতদিয়া প্রান্তে চারটি, পাটুরিয়া প্রান্তে ছয়টি ও মাঝ নদীতে আরও তিনটি ফেরি নোঙর করে রাখা হয়েছে।