হাতের কসরত তথা জাগলিং দেখতে অনেক মজার ও সহজ মনে হলেও এটি কঠোর শারীরিক ও মানসিক পরিশ্রমের একটি কাজ। জাগলিং করার সময় বাতাসে থাকা বস্তুগুলোকে ধরতে হয় ও একইসাথে হাতে থাকা বস্তু বাতাসে ছুড়তে হয়। একটানা ১৩ ঘণ্টার বেশি এই কঠিন কাজটি করে যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের বাসিন্দা ডেভিড রাশ গিনেস রেকর্ড গড়েছেন।
যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের বাসিন্দা ডেভিড রাশের এটি প্রথম গিনেস রেকর্ড নয়। এর আগে ডেভিড রাশের রয়েছে আড়াই শতাধিক গিনেস রেকর্ড । তবে ডেভিড রাশ বলেছেন এবারের রেকর্ডটি সবচেয়ে কঠিন ছিল।
ডেভিড রাশ তিনটি বল শূন্যে নিক্ষেপের এই জাগলিংয়ের রেকর্ড গড়তে সময় নিয়েছেন ১৩ ঘণ্টা ১০ মিনিট ২ সেকেন্ড। তিনি চতুর্থবারের চেষ্টায় এই রেকর্ড গড়তে সক্ষম হয়েছেন। এর আগের গিনেস রেকর্ড ছিল ১২ ঘণ্টা ৫ মিনিটের। ডেভিড স্লিক নামের এক ব্যক্তি ২০০৯ সালে ওই রেকর্ড গড়েছিলেন।