ঢাকায় চিকিৎসা নিতে এসে ময়লার গাড়ির নিচে প্রাণ গেল নারীর। সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাকার নিচে পড়ে রাজধানীর যাত্রাবাড়ী এলাকার নাজমা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।  তিনি ঢাকা এসেছিলেন চিকিৎসার জন্য । দুর্ঘটনাটি ঘটে শনিবার ভোর ৫টার দিকে । নিহত নাজমা বেগম মৃত ইউসুফ মিয়ার স্ত্রী। তাদের নিবাস ভোলার বোরহানউদ্দিনের থানার পখিয়া গ্রামে।

শনিবার ভোরে নিহতের ছেলে মমিন ঢাকার সদরঘাটে চিকিৎসার জন্য মাকে নিয়ে নামেন তিনি। সেখান থেকে একটি ব্যাটারিচালিত রিকশায় উঠেন তারা শনিরআখড়ায় এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশে। একপর্যায়ে যাত্রাবাড়ী ভাঙা প্রেস লাল মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় রাস্তার ম্যানহোলের একটি উঁচু স্লাপের সঙ্গে তাদের বহনকারী রিকশার চাকাটি ধাক্কা লাগলে রিকশা থেকে ছিটকে পড়ে যান নাজমা। 

ঠিক তখনই তার মাথার ওপর দিয়ে চলে যায় পেছন থেকে আসা সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি। তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাশটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলে জানান ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো, বাচ্চু মিয়া। তিনি আরও জানান বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।