আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। অক্টোরের আগে তপশিল নয় বলেও জানিয়েছেন তিনি।

রোববার (৩০ জুলাই) নির্বাচন কমিশনের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এর আগে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনার ও ইসি সচিবের সাথে বৈঠক করেন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, জাপান ও চীনের নির্বাচন পর্যবেক্ষকরা।

বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রসহ চারটি দেশের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান টেরি এল এসলে বলেছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের ভিত্তি নেই। এটি অসাংবিধানিক। সেজন্য এ ব্যাপারে আলোচনায় আমাদের আগ্রহ নেই। বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, অক্টোবরের আগে তপসিল দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। সেক্ষেত্রে ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৈঠকের বিষয়ে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন এবং পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে। তারা আমাদের দেশের নির্বাচনী আইন কানুন সম্পর্কে জানতে চেয়েছেন।