সারাদেশের প্রতিটি থানায় আজ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। বিএনপির ‘অগ্নিসন্ত্রাসের’ প্রতিবাদে রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ করবে ক্ষমতাসীন দলটি।
শনিবার বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কার্যালয়ে সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের জরুরি সভায় এ কর্মসূচি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এর আগে বিকেল ৫টার দিকে এ জরুরি সভা শুরু হয়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে জরুরি সভায় আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন। সভায় কাদের বলেন, আমরা (আওয়ামী লীগ) যেটা আশঙ্কা করেছি সেটাই হয়েছে। বিএনপির অগ্নি সন্ত্রাস আবার শুরু হয়ে গেছে এবং আওয়ামী লীগ তা প্রতিহত করবে।
তিনি বলেন, তাদের (বিএনপি) আন্দোলন এক দফা অগ্নিসন্ত্রাস। কিন্তু আওয়ামী লীগের শক্ত অবস্থানের কারণে এই নাশকতা ও বিশৃঙ্খলা করতে পারেনি।