চলছে ৭৬ তম কান চলচ্চিত্র উৎসব। রোজই সামনে আসছে একাধিক তারকার লুক, আর তাতেই আপত্তি অভিনেত্রী পরিচালক নন্দিতা দাসের। মানুষ ভুলতে বসেছে, এটি আসলে চলচ্চিত্রের উৎসব, পোশাকের নয়, খোলাখুলিই সেই বিষয়টি নিয়ে একটি পোস্টও করেছেন নন্দিতা।

বিগত কয়েক বছরে তিনি একাধিকবার কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে গিয়েছেন, সেই সব ছবি, অভিজ্ঞতাই সকলের সংগে ভাগ করে নিলেন নন্দিতা, জানালেন, তিনি অধিকাংশ ক্ষেত্রে নিজে শাড়ি পরেই যেতেন কান-এ, সেটাই তাঁর কাছে সবচেয়ে পছন্দের পোশাক।

কয়েক বছর আগে মান্টোর স্ক্রিনিং-এর অনবদ্য অভিজ্ঞতাও শেয়ার করেছেন নন্দিতা।

সোশ্যাল মিডিয়ায় নস্ট্যালজিক নন্দিতা দাশ

গতকাল নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন নন্দিতা দাশ। সেখানে বিগত কিছু বছরে ‘কান’ উৎসবে তোলা তাঁর নিজের কিছু ছবি দেখা যায়। ক্যাপশনে লিখলেন, ‘দুঃখের ব্যাপার এই বছর কানস মিস করছি। কখনও কখনও মানুষ ভুলে যান যে এটা চলচ্চিত্রের উৎসব, পোশাকের নয়! আমি যে দুর্দান্ত সিনেমাগুলি সেখানে দেখেছি বা যে কথোপকথনগুলো হয়েছে বা ‘মান্টো’ সেখানে প্রিমিয়ার করার সময়ে আপনাদের ফিরিয়ে নিয়ে যেতে পারব না বা তা আমি আপনাদের দেখাতে পারব না, সেই কারণে এখানে বিভিন্ন বছরের কানের কয়েকটি ছবি পোস্ট করলাম। এবং এর মধ্যে শাড়ি পরা ছবিগুলিই কেবল দিলাম, কারণ ‘যে তারকারা কান চলচ্চিত্র উৎসবে শাড়ি পরেন’ তাঁদের নিয়ে বেশ আলোচনা হয়। তবে নিশ্চিতভাবে এটা আমার সবচেয়ে পছন্দের পোশাক। সাধারণ, মার্জিত এবং ভারতীয়। পরতেও সুবিধাজনক। প্রত্যেকটা ছবির নেপথ্যে একটা করে দুর্দান্ত গল্প আছে, কিন্তু সেগুলি সবই খুব বড়। ফলে ছবিগুলি থেকে নিজেদের মনের মতো গল্প তৈরি করতে পারেন। এবং মনে হয় ছবিগুলি ২০০৫, ২০১৩, ২০১৬-২০১৮ সালের।’

তাঁর থ্রোব্যাক ছবিগুলিতে দেখা গেল রসিকা দুগল, সলমা হায়েক, নওয়াজউদ্দিন সিদ্দিকি, জ্যাভিয়ার বার্দেমজ, দিব্যা দত্ত প্রমুখদের সঙ্গে পোজ দিয়েছেন নন্দিতা। তবে পরিচালকের ‘কানস চলচ্চিত্রের উৎসব, পোশাকের নয়’ নজর কেড়েছে সকলের। 

ইনস্টাগ্রামে নন্দিতা লিখলেন, ”এবার যেতে পারিনি। খুব মিস করছি। কিছু মানুষ, কান চলচ্চিত্র উৎসবকে ফ্যাশন ইভেন্ট মনে করছে। তাঁরা ভুলেই গিয়েছে এটা একটা সিনেমার উৎসব। মান্টো ছবির প্রিমিয়ারের সময় আমি শাড়ি পরেছিলাম। সেবার হেডলাইন হয়েছিল শাড়ি পরেই কানের রেড কার্পেটে। আমি শাড়ি পছন্দ করি। এটাই তো ভারতীয় হওয়ার পরিচয় বহন করে।”

প্রসঙ্গত, এবারের কান চলচ্চিত্র উৎসবে ইতিমধ্য়েই হুডি গাউন পরে নজর কেড়েছেন ঐশ্বর্য। নতুন পোশাকে চমকে দিয়েছেন সারা, উর্বশী এবং স্বপ্না চৌধুরীরা।