সাউথইস্ট এশিয়ান গেমসে (এসইএ) সহকারী রেফারির দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সালমা আক্তার। এদেশের প্রথম নারী রেফারি হিসেবে দক্ষিণ এশিয়ার বাইরে গিয়ে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ পরিচালনার কীর্তি গড়তে চলেছেন তিনি।
গত ফেব্রুয়ারিতে এএফসি এলিট প্যানেলভুক্ত রেফারি হন সালমা আক্তার। বাংলাদেশের প্রথম নারী ম্যাচ অফিসিয়াল হিসেবে এই সুযোগ পান তিনি। এবার আরও একটি মাইলফলক ছুঁতে চলেছেন সালমা। আগামী ৩রা মে শুরু হয়ে ১৫ই মে পর্যন্ত চলবে সাউথইস্ট এশিয়ান গেমসের এবারের আসর। কম্বোডিয়ায় অনুষ্ঠিতব্য প্রতিযোগিতাটিতে দায়িত্ব পালন করতে আগামী ১লা মে দেশ ছাড়বেন সালমা আক্তার। দক্ষিণ এশিয়ার বাইরে দায়িত্ব পালন করা প্রথম রেফারি অবশ্য নন তিনি। গত বছর সাউথইস্ট এশিয়ান গেমসে বাস্কেটবল এবং ফুটবল ইভেন্টে রেফারিং করেছিলেন বাংলাদেশের সবুজ মিয়া ও মনির ঢালী। এ বছর ফুটবলে সালমা রেফারিং করবেন। হকির দায়িত্বে দেখা যাবে শাহবাজ আলীকে। বাংলাদেশে জয়া চাকমার পর ফিফা সহকারী রেফারি হন সালমা আক্তার।

দুজনই এএফসি এলিট প্যানেলের জন্য পরীক্ষা দিয়েছিলেন। জয়া না পারলেও সালমা এলিট প্যানেলের যোগ্যতা অর্জন করেন। আগামী এক বছর সালমা এশিয়ার যেকোনো স্তরে নারী ফুটবলে সহকারী রেফারির দায়িত্ব পালন করতে পারবেন। সালমা আক্তার বলেন, ‘এলিট রেফারি হওয়ার পর এটাই আমার প্রথম অ্যাসাইনমেন্ট। সবার দোয়া চাই যাতে রেফারিং করে দেশের সম্মান বৃদ্ধি করতে পারি।’
সালমা বলেন, ‘এর আগে সাফ চ্যাম্পিয়নশিপে ম্যাচ পরিচালনা করেছি। এখন সাফের বাইরে প্রথমবার করতে যাচ্ছি, সেটাও এলিট সহকারী রেফারি হিসেবে। অবশ্যই অনেক ভালো লাগছে। নিজের মধ্যে একটু উত্তেজনা কাজ করছে। ভালো করলে আরও ম্যাচ পাব। আমি ভালো কিছু করে সামনে এগিয়ে যেতে চাই।’