২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ রোববার (৩০ এপ্রিল) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। শিক্ষামন্ত্রী দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল রাজধানীর বাড্ডা হাইস্কুল কেন্দ্র পরিদর্শন করেছেন।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় এ বছর মোট পরীক্ষার্থী ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন, যা গতবারের চেয়ে ৫০ হাজার ২৯৫ জন বেশি। ৩ হাজার ৮১০টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এবারও সংশোধিত ও পুনর্বিন্যাস করা পাঠ্যসূচিতে হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। তবে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে হবে পরীক্ষা।

এদিকে ইউএনবির খবরে বলা হয়েছে, গতকাল শনিবার বিকেলে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নবনির্মিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। এসএসসি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশ্নপত্র ফাঁস নিয়ে কেউ গুজব ছড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির বাংলা প্রথম পত্র, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলের কোরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা হচ্ছে।

চলতি বছর সারা দেশের তিন হাজার ৮১০টি পরীক্ষা কেন্দ্রে ২৯ হাজার ৭৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষার্থীসংখ্যা ১৬ লাখ ৪৯ হাজার ২৭৫। দাখিল পরীক্ষার্থী দুই লাখ ৯৫ হাজার ১২১ জন এবং এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালে পরীক্ষার্থীসংখ্যা এক লাখ ২৭ হাজার ৭৬৭।

বিদেশে আটটি পরীক্ষাকেন্দ্র থেকেও শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে জেদ্দায় ৮৯ জন, রিয়াদে ৫১ জন, ত্রিপলিতে চারজন, দোহায় ৭৭ জন, আবুধাবীতে ৪১ জন, দুবাইয়ে ২৭ জন, বাহরাইনে ৬৫ জন এবং সাহাম ও ওমানের কেন্দ্র থেকে ২০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো হলো পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে। কোনো ধরনের মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না। পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া কেউ কেন্দ্রে ঢুকতে পারবে না।

পরীক্ষার বিষয়ে এর আগে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, শুধু পরীক্ষা নিয়ন্ত্রক বাটন ফোন ব্যবহারের অনুমতি পাবেন। কোনো শিক্ষক এই আদেশ অমান্য করলে তাঁর এমপিও পর্যন্ত বাতিল হতে পারে। এ ছাড়া প্রশ্ন ফাঁস রোধে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রশ্নপত্র বণ্টন করার বিষয়টি নিশ্চিত করতে হবে।

দীপু মনি জানান, এসএসসি ও সমমানের পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে।