বিশ্বব্যাঙ্ক বলছে, লবণাক্ততা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনজনিত অন্যান্য কারণে ২০৫০ সাল নাগাদ ৪ কোটি মানুষ তাদের স্বাভাবিক বাসস্থান থেকে সরে যেতে বাধ্য হবেন। জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুতি অন্যান্য যেকোন অভ্যন্তরীন বাস্তুচ্যুতির চেয়ে বেশি হবার আশঙ্কা আছে।

এই মানুষগুলোর বাস্তুচ্যুতি বিশ্বকে ঝুঁকিতে ফেলছে বলে মনে করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এর দায়িত্বও তাই সবাইকে নিতে হবে।এ অবস্থায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন সহনশীলতা বা অভিযোজনের জন্য তহবিল দ্বিগুন করার দাবি করেছে। ২০০৯ সালের কোপেনহেগেন সম্মেলনে যে প্রতিশ্রুতি করা হয়েছিল যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলোকে ২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত  প্রতিবছর ১০০ বিলিয়ন ডলার করে দেবে, তা বাস্তবায়িত হয়নি এবং এর প্রায় ৮০ ভাগ যাচ্ছে কার্বন নিঃসরণ কমানোর খাতে।   

বাংলাদেশের পক্ষে দাবিগুলো হলো, ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক কার্বন নিঃসরণ ৪৫% হ্রাস করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ চূড়ান্ত করা, দেড় ডিগ্রির লক্ষকে বাঁচিয়ে রাখা, জলবায়ু অর্থায়নে গতিশীলতা তৈরি করা এবং এবছর থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত ১০০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা এবং লস এন্ড ড্যামেজ তহবিলের বাস্তবায়ন করা।২০৫০ সাল পর্যন্ত বাংলাদেশের প্রতি বছর গড়ে প্রয়োজন সাড়ে আট বিলিয়ন ডলার বা পঁচাশি হাজার কোটি টাকা।