দেশের নারী উদ্যোক্তাদের জন্য অনলাইন ওয়ান স্টপ বিজনেস অ্যাডভাইজরি সার্ভিস সেন্টার ‘অন্বেষা’ উদ্বোধন করা হয়েছে। এসএমই ফাউন্ডেশেন ও দ্য এশিয়া ফাউন্ডেশেন এ সার্ভিস সেন্টার চালু করেছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর একটি অভিজাত হোটেলে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দ্য এশিয়া ফাউন্ডেশন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী ফয়সাল বিন সিরাজ। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান।

অনুষ্ঠানে জানানো হয়, অ্যাডভাইজরি সার্ভিস সেন্টারের মাধ্যমে একজন নারী-উদ্যোক্তা অন্বেষার ওয়েবসাইটে লগইন করে ব্যবসা পরিচালনা ক্ষেত্রে যে কোনো পরামর্শ ও সেবা গ্রহণ সম্পর্কে তথ্য পাবেন বাস্তবায়নাধীন পাইলট এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের পর এসএমই ফাউন্ডেশন ও দ্য এশিয়া ফাউন্ডেশন এ কার্যক্রম বিশেষ করে ‘ওয়ান স্টপ বিজনেস অ্যাডভাইজরি সার্ভিসেস প্ল্যাটর্ফম’-এর সেবা দেশব্যাপী সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করতে পারে।