উত্তর-পূর্ব ভারতের রাজ্য মিজোরামের রাজধানী আইজলে মিজো জাতিগোষ্ঠীর মানুষদের পুশব্যাকের অভিযোগ এনে গতকাল সোমবার দুপুরে বিক্ষোভ হয়েছে। মিজোরামের প্রভাবশালী ছাত্রযুব সংগঠন সেন্ট্রাল ইয়াং মিজো অ্যাসোসিয়েশনের নেতৃত্বে পাঁচ শরও বেশি মানুষ বিক্ষোভ দেখান রাজধানীর রাজ্যপালের ভবনের সামনে।
কিছুদিন আগে মিজোরামে ঢুকতে এসেছিলেন ৮৫ বছর বয়সী জ্যেষ্ঠ যাজক সমখুপা। ওই যাজককে মিজোরামের ভেতর ঢুকতে দেয়নি সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ। দিন সাতেক মিজোরাম এবং সীমান্তবর্তী বনে ঘুরে বেড়ানোর পরে ঠান্ডায় এবং না খেতে পেয়ে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে বিভিন্ন মিজো সংগঠনের প্রতিনিধিরা এ প্রতিবেদককে জানান। সেই ঘটনার প্রতিবাদে গতকাল সোমবারে বিক্ষোভ দেখান মিজোরামের বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী সংগঠনের সদস্যরা। বর্তমানে প্রায় ৫০০ মিজো জাতিগোষ্ঠীর মানুষ মিজোরামে ঢুকে শরণার্থী শিবিরে রয়েছেন বলে অ্যাসোসিয়েশনের তরফে দাবি করা হয়েছে।