ভারতের জনপ্রিয় প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও প্রয়াত গায়িকা লতা মঙ্গেশকর। সর্বকালের সেরা ২০০ গায়ক-গায়িকার তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। সম্প্রতি বিশ্বের সেরা সংগীতশিল্পীদের তালিকা প্রকাশ করেছে মার্কিন ঐতিহাসিক ম্যাগাজিন ‘রোলিং স্টোন’।
সেই তালিকাতেই স্থান পেয়েছেন এই সুর সম্রাজ্ঞী। তালিকার ৮৪তম স্থানে রয়েছেন তিনি। তালিকায় প্রয়াত পাকিস্তানি গায়ক নুসরাত ফতেহ আলী খানও স্থান পেয়েছেন। দক্ষিণ কোরিয়ার গায়ক-গীতিকার লি জি-উন (আইইউ) ও বিটিএসের সর্বকনিষ্ঠ গায়ক জাংকুকও রয়েছেন এই তালিকায়।
২০২২ সালের ফেব্রুয়ারিতে মারা যান লতা মঙ্গেশকর। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৯২। তার সঙ্গীত জীবনের ক্যারিয়ারে অসংখ্য গান গেয়েছেন তিনি। সেই সঙ্গে ৩৬টিরও বেশি ভাষায় গান রেকর্ড করেছেন লতা। শ্রীদেবী, জয়া বচ্চন, মীনা কুমারী, রাখী, শর্মিলা ঠাকুর, কাজল এবং মাধুরী দীক্ষিতের মতো কয়েক প্রজন্মের অভিনেত্রীদের জন্য সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
রোলিং স্টোন এর তালিকায় থাকা অন্যান্য বিখ্যাত গায়ক-গায়িকাদের মধ্যে রয়েছেন লেডি গাগা, অ্যাডেল, ক্রিস্টিনা আগুইলেরা, পল ম্যাককার্টনি, মাইকেল জ্যাকসন, ডেভিড বোভি, লুই আর্মস্ট্রং, আরিয়ানা গ্র্যান্ডে, রিহানা, অ্যামি ওয়াইনহাউস, বব মার্লে, নিল ইয়াং, এলটন জন, টেলর সুইফট, ওজি অসবোর্ন, আইইউ, বোনো, বারব্রা স্ট্রিস্যান্ড, জাংকুক এবং বিলি ইলিশ সহ প্রমুখ বিখ্যাত সংগীতশিল্পী।