বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন ওমেনস আন্তর্জাতিক বিচ ভলিবলে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা।চলতি বছরের ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে পর্যটন নগরী কক্সবাজারের ডলফিন বিচে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন ওমেনস ইন্টারন্যাশনাল বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২২ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে নেপালকে ৩-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা নারী দল।
কক্সবাজারে জমকালো আয়োজনে বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকতে বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল। সভাপতিত্ব করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। আন্তর্জাতিক এ টুর্নামেন্টে চার দেশের নারী দল অংশ নিয়েছে। ২৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হলো আজ।
ডিএনসিসি মেয়র বলেন, বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে আন্তর্জাতিক বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ আয়োজনের ফলে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। অলিম্পিক বিচ ভলিবলের বাছাই পর্বের খেলাও কক্সবাজার বিচে হবে। হারিয়ে যাওয়া ভলিবল এখন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেকটা সুদৃঢ়। বাংলাদেশ ভলিবল দল ধারাবাহিকভাবে সফলতা অর্জন করছে।