চলতি বছরের ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-১৭ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা-১৭ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের প্রতিটি বিভাগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে। প্রতিটি খেলার ক্রীড়াবিদকে যথাযথ প্রশিক্ষণ সুবিধা দেওয়ার জন্যই এই শিক্ষা প্রতিষ্ঠান করা হবে।দেশের ৫৬ জেলায় ইতিমধ্যে স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। প্রতিটি বিভাগে প্রতিটি খেলার ক্রীড়াবিদকে যথাযথ প্রশিক্ষণের জন্য বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্রীড়া উন্নয়নে ১৯৭৪ সালে বিভিন্ন জেলায় ১৮টি ক্রীড়া ফেডারেশন ও ক্রীড়া পরিষদ প্রতিষ্ঠার অনুমতি দিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর বিভাগ ও খুলনা বিভাগের মধ্যকার মেয়েদের ফাইনাল ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা প্রত্যক্ষ করেন। এতে রংপুর বিভাগ চ্যাম্পিয়ন হয়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য প্রদান করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেসবাহ ‍উদ্দিন। এছাড়া অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন।