আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের তালিকা প্রকাশ করে। তালিকা অনুযায়ী বায়ুদূষণের শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের ‘লাহোর’। আর ৮২ স্কোর নিয়ে বিশ্বের শহরগুলোর মধ্যে রাজধানী ঢাকার অবস্থান ১৬তম।

বায়ুদূষণ বিশ্ববাসীর জন্য এক বড় সমস্যা। দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন শহরগুলোর বায়ুদূষণের মাত্রা ক্রমেই বাড়ছে জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন মানবসৃষ্ট কারণে। অস্বাভাবিকভাবে বায়ুদূষণ বৃদ্ধিতে মানুষসহ বিভিন্ন প্রাণীর মৃত্যুঝুঁকি বেড়েই চলেছে। জনবহুল ঢাকার বাতাসেও বাড়ছে দূষণ। বায়ুদূষণের তালিকায় পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরের স্কোর ১৯৩। তারপর ১৭২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। ১৭১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী ‘জাকার্তা’। ১৫৬ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে উজবেকিস্তানের রাজধানী ‘তাশখন্দ’ এবং পঞ্চম অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী ও বৃহত্তম শহর ‘কাম্পালা’ যার স্কোর ১৩৪।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। আর স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয় এবং ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। সম্প্রতি মাঝেমধ্যেই বৃষ্টি হচ্ছে ঢাকায়। আর বৃষ্টির জন্য ঢাকার বাতাসে দূষণ কিছুটা কমেছে। তাই কয়েক দিন ধরেই ঢাকার বাতাসে দূষণের মাত্রা ‘মাঝারি’ অবস্থায় দেখাচ্ছে আইকিউএয়ার প্রদত্ত বায়ুদূষণের তালিকা।