প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে সহযোগিতার পাশাপাশি বাংলাদেশে তুরস্কের আরও বড় আকারের বিনিয়োগ প্রত্যাশা করেছেন। তুরস্কের বিদায়ী রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান আজ মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।
শেখ হাসিনা তুরস্কের বিদায়ী রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরানকে বলেন, আমি বাংলাদেশে বৃহত্তর পরিসরে আরও বিনিয়োগের আহ্বান জানাই।তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বলেন, বাংলাদেশে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কারণে তাঁর দেশের ব্যবসায়ীরা আরও বেশি বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছেন। তিনি বলেন, দুটি তুর্কি কোম্পানি এ বছর অর্থনৈতিক অঞ্চলে এ পর্যন্ত ৮৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির জন্য তুরস্ক সরকারের প্রতি অনুরোধ জানান। রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তুরস্কের রাষ্ট্রদূত। তুর্কি রাষ্ট্রদূত মোস্তফা ওসমান স্মার্ট বাংলাদেশের ধারণাটি গ্রহণে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করার ব্যাপারে তাঁর দেশের আগ্রহের কথা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবেন।