২০২৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথমবারের মতো এক আসরে খেলবে বাংলাদেশের তিন ক্রিকেটার। আইপিএলের মিনি নিলামের আগেই মোস্তাফিজুর রহমানকে রিটেইন করেছিল দিল্লি ক্যাপিটালস। আর নিলাম থেকে শেষ মুহূর্তে দল পেয়েছেন টাইগারদের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান ও ওপেনার লিটন দাস।শুক্রবার ভারতের কোচিতে অনুষ্ঠিত নিলামে প্রথম দফায় অবিক্রিতই ছিলেন লিটন ও সাকিব। তবে দুজনেই দ্বিতীয় দফায় দল পেয়েছেন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন তারা। আর এর ফলে এবারই প্রথম একই আসরে খেলবেন তিন বাংলাদেশি ক্রিকেটার।
গত আসরেও অবিক্রিত ছিলেন সাকিব আল হাসান। এবার ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি কমিয়ে আইপিএলে নিবন্ধন করেছিলেন টাইগারদের টেস্ট অধিনায়ক। কিন্তু এবারও প্রথম দফায় সাকিবকে হতাশায় ডুবিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে দ্বিতীয় দফায় পুরনো ঠিকানা কলকাতা নাইট রাইডার্সে ডাক পেয়েছেন সাকিব। ভিত্তিমূল্য দেড় লাখ রুপিতেই সাকিবকে দলে টেনেছে কেকেআর।
আইপিএলে সাকিবের সতীর্থ লিটন। প্রথম দফায় অবিক্রিত থাকা লিটনকেও ভিত্তিমূল্যতেই দলে ভিড়িয়েছে কলকাতা। আর সংক্ষিপ্ত তালিকায় থাকা টাইগার পেসার তাসকিন আহমেদ ও মারকুটে ব্যাটার আফিফের প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজিই আগ্রহ দেখায়নি।