মানবাধিকার কর্মী সারা হোসেনকে জাতিসংঘের মানবাধিকার পরিষদের ইরানবিষয়ক তথ্যানুসন্ধান মিশনের প্রধান নিয়োগ করা হয়েছে। বাংলাদেশের সারা হোসেন, পাকিস্তানের শাহীন সরদার আলী এবং আর্জেন্টিনার ভিভিয়ানা ক্রিস্টিসেভিচের সমন্বয়ে তিন সদস্যের ওই মিশন নিয়োগের ঘোষণা দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার পরিষদের সভাপতি ফেদেরিকো ভিলেগাস।

ইরানে মাসা আমিনি নামের এক তরুণী নিরাপত্তা হেফাজতে মারা যাওয়ার প্রতিবাদে নারীদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। জাতিসংঘের মানবাধিকার পরিষদ ইরানে সরকারবিরোধী আন্দোলনে প্রাণঘাতী দমন-পীড়নের ঘটনা অনুসন্ধানের জন্য একটি তথ্যানুসন্ধান মিশন গঠনের পক্ষে ভোট দিয়েছে। জাতিসংঘের স্বাধীন ওই মিশন এ তদন্তের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা হবে এবং দেশটির নারীদের সমর্থন করে শক্ত বার্তা দেওয়া হবে।