নৌকায় ভাসতে থাকা ২০০ রোহিঙ্গাকে বাঁচানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)। দুই সপ্তাহ আগে নৌকাটির ইঞ্জিন নষ্ট হয়ে যায়। তারপর থেকে সেটি সমুদ্রে ভাসছে। বিবিসি জানায়, গত শুক্রবারই জাতিসংঘ থেকে আন্দামান সাগরের চারপাশে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ওই নৌকায় সহায়তা পাঠানোর অনুরোধ জানানো হয়। কিন্তু এপর্যন্ত ওই অনুরোধে কোনো দেশ সাড়া দেয়নি।আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটসের বোর্ড সদস্য ইভা সুন্দরী বলেন, আমরা জরুরি ভিত্তিতে আসিয়ান সদস্য দেশ ও এই অঞ্চলের অন্যান্য দেশগুলোকে তাদের মানবিক বাধ্যবাধকতা পূরণ করতে এবং তাদের যথাযথভাবে অবতরণ করার অনুমতি দিয়ে নৌকাটি তাদের জলসীমায় প্রবেশ করলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি।তার মতে, এটা লজ্জাজনক যে গুরুতর বিপদে পুরুষ, নারী ও শিশুদের নিয়ে নৌকাটিকে ভেসে থাকতে হচ্ছে। ওই মানুষগুলোকে অবহেলা করা মানবতার অবমাননার কম কিছু নয়।