রাজধানীর বাড্ডায় বিএনপির ডাকা অবরোধ চলাকালে পুলিশ ১০ জন বিএনপির কর্মীকে আটক করেছে। আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে বাড্ডার প্রগতি সরণিতে এ ঘটনা ঘটে। বাড্ডা থানার ওসি আব্দুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের সদস্য ফারুক মিলনের নেতৃত্বে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগ অবরোধ বিরোধী মিছিল বের করে। মিছিলটি উত্তর বাড্ডার প্রগতি সরণিতে এলে বিএনপির স্থানীয় কর্মীরা অবরোধের পক্ষে স্লোগান দেয়। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদেরকে ধাওয়া দেয়। বিএনপির কর্মীরা পালিয়ে যাওয়ার সময় পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করে।

বাড্ডা থানার ওসি আব্দুল কাইয়ুম বলেন, আটককৃতরা সবাই বিএনপির কর্মী। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

এদিকে, আওয়ামী লীগের মিছিলটি কুড়িল থেকে মালিবাগ পর্যন্ত প্রদক্ষিণ করে। মধ্যবাড্ডায় মিছি‌লট‌ি শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা হাজী বিল্লাল হোসেন, ওয়াসিকুর রহমান বাবু, হাজী আব্দুস সাত্তার ও ওমর শরীফ দিপু, বাড্ডা থানা যুবলীগ‌ আহবায়ক কায়সার মাহমুদ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের সদস্য নাদিম আহমেদ, মীর রাসেল, হুমায়ুন  কবির সরকার, মোহাম্মদ জসিম, পলাশ মোল্লা, বাড্ডা থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক, মো. পলাশ, বাড্ডা থানা ছাত্রলীগের সভাপতি আকাশ আহমেদ বাবু, সাধারণ সম্পাদক তানভীর ভূঁইয়া হিমেল। 

স‌েখান‌ে এক সমাবেশে ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের সদস্য ফারুক মিলন বলেন, অবরোধের নামে গাড়ি ভাঙচুর ও রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির নামে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।