বিটপী দাশ চৌধুরী : আমাদের দেশের নারী উদ্যোক্তারা প্রধানত তথ্যের অভাব এবং অর্থের সংস্থান নিয়ে পুরুষদের তুলনায় বেশি চ্যালেঞ্জে পড়েন। এ কারণে প্রথমে আমরা নারী উদ্যোক্তাদের জন্য অনলাইন লার্নিং প্লাটফর্ম চালু করি। পরে নারী-পুরুষ সবার জন্য উন্মুক্ত করা হয়। একজন উদ্যোক্তাকে ব্যবসা শুরু করতে কোথায় যেতে হবে, কী কী কাগজপত্র লাগবে– এসব তথ্য পাওয়া যাবে অনলাইন কোর্সে। ব্যবসার বিভিন্ন দিক নিয়ে প্রথিতযশা শিক্ষক এবং বড় বড় প্রতিষ্ঠানে লিডিং পর্যায়ের ব্যক্তিদের ভিডিও রয়েছে। উদাহরণ দিয়ে বলা যায়, অ্যাকাউন্টিং কীভাবে করতে হবে তার ওপর একজন শিক্ষকের যেমন ভিডিও রয়েছে, ঠিক তেমনি অ্যাকাউন্টিং কেন দরকার, সে বিষয়ে কয়েকটি বড় প্রতিষ্ঠানের প্রধান আর্থিক কর্মকর্তাদের ভিডিও দেওয়া হয়েছে। এসব কারণে তা অন্যান্য প্রশিক্ষণ থেকে ভিন্ন।