ব্যস্ত দিনে ঠিক কবে ১০ মিনিটের কাছাকাছি সময়ে রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে ফার্মগেট পৌঁছেছিলাম মনে করতে পারি না। সম্ভবত করোনাকালের লকডাউনের জনমানবশূন্য সময় ছাড়া আর কখনই না। আজ রোববার দ্রুতগতির উড়াল সড়কের প্রথম দিনের যাত্রায় এমন অভিজ্ঞতাই হলো। গন্তব্য ছিল বসুন্ধরা আবাসিক এলাকা থেকে কর্মস্থল কারওয়ান বাজার।

দ্রুতগতির উড়াল সড়কে প্রথম দিনে জনসাধারণের চলাচলের অভিজ্ঞতা নিয়ে প্রতিবেদন করার অ্যাসাইনমেন্ট আমার। এটা শুনেই আমার ৭৩ বছর বয়সী আম্মা সকালে বললেন, তিনি উড়াল সড়ক দেখতে চান। আম্মাকে সঙ্গী করেই সকাল ৯ টা ৪০ মিনিটে দেশের প্রথম দ্রুতগতির উড়াল সড়কে ওঠার অভিজ্ঞতা নিতে ছুটলাম।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে কুড়িল বিশ্বরোডের উড়াল সড়কে ঢোকার প্রশস্ত রাস্তা ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দায়িত্বরত কর্মীদের দেখা গেল। তাঁরা টোল প্লাজার কাছে যাওয়ার নির্দেশনা দিলেন। টোল প্লাজার কাছে পৌঁছে ৮০ টাকা টোল দিয়ে নিজের পরিচয় দিয়ে কিছু সময় অবস্থান করতে চাইলাম। গাড়ি একপাশে চাপিয়ে রাখতে বললেন দায়িত্বরত ব্যক্তিরা।