ঢাকা উত্তর সিটিতে মশার লার্ভা নিধনের ব্যাকটেরিয়া বিটিআই (বাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস) আমদানিতে জালিয়াতির ঘটনা ঘটেছে। সিঙ্গাপুরের কথা বলে ব্যাকটেরিয়াটি আমদানি করা হয়েছে চীন থেকে। দরপত্রের শর্ত অনুযায়ী বিটিআই ব্যাকটেরিয়াটি চীন থেকে আমদানির কোনো সুযোগ ছিল না।
ঢাকা উত্তর সিটিকে (ডিএনসিসি) মশা নিধনের নতুন এই ব্যাকটেরিয়া সরবরাহ করেছে বাংলাদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান মার্শাল অ্যাগ্রোভেট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তারা সিটি করপোরেশনকে যে বিটিআই ব্যাকটেরিয়া বুঝিয়ে দিয়েছে, ওই মোড়কের গায়ে প্রস্তুতকারক হিসেবে সিঙ্গাপুরের বেস্ট কেমিক্যাল লিমিটেডের নাম লেখা রয়েছে।