১১ ঘণ্টার সফরে বাংলাদেশে পা রেখেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সোমবার ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। কলকাতার ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের আমন্ত্রণে ভারত সফরে আসার কথা থাকলেও মার্টিনেজ বাংলাদেশ সফরেও আগ্রহ প্রকাশ করেন। তারই প্রেক্ষিতে ঢাকায় এলেন কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক।
নেদারল্যান্ডস থেকে ঢাকায় পা রাখার পর কিছুক্ষণ হোটেলে বিশ্রাম নেন মার্টিনেজ। বিশ্রাম শেষে তিনি আসলেন স্পন্সর প্রতিষ্ঠান নেক্সট ভেঞ্চার কার্যালয়ে। সেখানে মাশরাফি বিন মর্তুজার সঙ্গে দেখা হলো বিশ্বকাপজয়ী এই গোলরক্ষকের। বাংলাদেশ ক্রিকেটের সাবেক এ অধিনায়ক ছাড়াও নেক্সট ভেঞ্চারের অনুষ্ঠানে মার্টিনেজের সঙ্গে আড্ডায় ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
মাশরাফি লিখেন, ‘আজকে আসলে বেশি ভালো লাগছে আমার সন্তানদের জন্য। যখন বললাম, ‘এমি আসছে, তোমাদের কি দেখা করার ইচ্ছা আছে?’ ওরা লাফাচ্ছিল। সবশেষ দুটি দিন ওরা ঠিকমতো ঘুমাতে পারছিল না এমিকে দেখবে বলে। আজকে এমির সঙ্গে দেখা হওয়ার পর বললাম, ‘বাচ্চারা তোমার অটোগ্রাফ নিতে চায়।’ সে এত আন্তরিকতা দেখাল, এক কথায় অসাধারণ। এমনকি সে ছবিও তুলে দিল ওদের সঙ্গে। এখন তারা মহাখুশি, আর ওদের খুশিতে আমিও এখন মহাখুশি। এমি, আপনাকে স্বাগত এই বাংলার মাটিতে। এখানে আপনাদের অগুনতি ভক্ত আছে, যুগ যুগ ধরে। আশা করি, আপনারও ভালো লাগছে এই মাটিতে পা রেখে।
পাশাপাশি এটাও ভাবি, সত্যি বাংলাদেশ একদিন বিশ্বকাপ ফুটবলে কোয়ালিফাই করবে আর আমরা আমাদের পতাকা নিয়ে মিছিল করব, ইনশাল্লাহ। অনেকের কাছে এখন এটা অবাস্তব মনে হতে পারে। তবে আমি বিশ্বাস করি, কাজটা কঠিন, খুব কঠিন হলেও অসম্ভব নয়। স্বপ্ন পূরণের সেই দিনটির অপেক্ষায় আছি, ইনশাল্লাহ।’
এদিকে মধ্যাহ্নভোজ শেষে দুপুর ২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন মার্টিনেজ। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে বিকেল ৪টা ৪০ মিনিটে কলকাতাগামী বিমানে উঠবেন তিনি।