চলতি বছরের আগস্ট অথবা সেপ্টেম্বরের মধ্যেই ঢাকার সঙ্গে রেল যোগাযোগে যুক্ত হবে কক্সবাজার। প্রকল্পের প্রায় ৮৪% কাজ শেষ হয়েছে। দ্রুত বাকি কাজগুলো শেষ করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

মঙ্গলবার (১৬ মে) কক্সবাজারের ঝিলংজায় নবনির্মিত দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পের আইকনিক রেলওয়ে স্টেশনের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা জানান।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেল প্রকল্প উদ্বোধন করবেন। আর এটি চালু হলে দেশের পর্যটন খাতে ব্যাপক উন্নয়নসহ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মুফিজুর রহমান, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান ও পদস্থ সরকারি কর্মকর্তারা। পরে রামু থেকে মিয়ানমারের কাছে ঘুমধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।