দেশের বিভিন্ন এলাকায় বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। ফলে চাপ বেড়েছে এসিতে। কিন্তু এসি চালু করা মানেই মানিব্যাগ খালি করা। তাছাড়া সবার ঘরে এসি থাকেও না। কিন্তু গরমে অতিষ্ঠ জনজীবন। শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের (এসি) উচ্চ খরচ এড়াতে এবং ঘরকে আরও পরিবেশ বান্ধব করতে কিছু দুর্দান্ত টিপস অনুসরণ করতে পারেন।
পর্দায় ঢেকে দিন জানালা
তাপ কমাতে ঘরের ভেতরে চারিপাশে পর্দা লাগিয়ে দিন। দেখবেন এসি ছাড়াই রুম ঠাণ্ডা হয়ে যাবে। দিনের সবচেয়ে রৌদ্রোজ্জ্বল সময়গুলোতে ছায়া দিতে এবং তাপকে আটকাতে তাই ভুলবেন না।
দিনে বন্ধ রাখুন ইলেক্ট্রিক যন্ত্রপাতি
বড় বড় ইলেক্ট্রিক যন্ত্র তাপ বাড়িয়ে দেয়। যেমন- ওভেন, ওয়াশিং মেশিন, ডিশওয়াশার, আয়রণ, রাইস-কারি কুকার ইত্যাদি। তাই এসব মেশিনের ব্যবহার কমিয়ে দিন, কাপড় ধোয়া বা ওভেনে কিছু করতে হলে সে কাজগুলো সন্ধ্যার পরে করুন।
মোট কথা, অপ্রয়োজনীয় যন্ত্রপাতি বন্ধ এবং আনপ্লাগ করুন। এমনকি ফোনের চার্জার এবং ছোট সরঞ্জামগুলো আপনার বাড়িতে কিছুটা হলেও তাপ তৈরি করতে পারে। তাই তা বন্ধ করুন অথবা আনপ্লাগ করুন। এতে আপনার ঘর ঠাণ্ডা থাকবে।
বৈদ্যুতিক বাতি নিয়ন্ত্রণে রাখুন
ঘরের বৈদ্যুতিক বাতি কমিয়ে দিন। বেশি ওয়াটের বাল্ব খুলে রাখুন। বিদ্যুৎ সাশ্রয়ী বাতি লাগিয়ে নিন। খরচও কম হবে, তাপও কম হবে।
চুলা বন্ধ রাখুন
একটি গরম চুলা আপনার ঘরকে উত্তপ্ত করে দিতে যথেষ্ট। তাই কিছু নো-কুক রেসিপি চেষ্টা করুন। যা আপনাকে শীতল করে দেবে এবং আপনার রান্নাঘরে অতিরিক্ত তাপ থেকে মুক্ত করবে।
যদি আপনাকে রান্না করতেই হয়, তা রাতে করুন।
বাড়ির বাইরে ছায়া যোগ করুন
ছাউনি এবং ছায়াযুক্ত গাছ সূর্যকে জানালায় প্রবেশ করতে বাধা দিতে সাহায্য করে। আপনার ঘরগুলোকে শীতল অনুভব করতে তাই জানালায় ছাউনি দিতে পারেন। বাড়ি তৈরির সময় চারিপাশে গাছ লাগিয়ে দিতে পারেন। এ পদ্ধতি আপনার ঘরের সৌর তাপের পরিমাণ ৬৫% পর্যন্ত কমাতে পারে।