সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের জয়তুন খাতুন গড়ে তুলেছেন এক কুটিরশিল্প।কাজ করেন ৬০-৭০ জন শ্রমিক, যাঁদের বেশির ভাগই নারী।কচুরিপানা থেকে তাঁরা তৈরি করছেন টব, ফুলদানি, বালতি, পাটি, ট্রে, ফুলঝুড়ি, ডিম রাখার পাত্র, পাপোশ, মোড়া, টুপি, আয়নার ফ্রেম, ডাইনিং টেবিলের ম্যাটসহ ২০ ধরনের পণ্য।ইউরোপ, আমেরিকার অন্তত আটটি দেশে রপ্তানি হচ্ছে এসব পণ্য। যার মাধ্যমে বছরে আয় হয় দেড় থেকে দুই কোটি টাকা। পাশাপাশি কচুরিপানা ঘিরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পাবনার শুধু সাঁথিয়া উপজেলাতেই ১৫টি গ্রামের অন্তত ৩০০ পরিবারে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।

কচুরিপানাজাত এই কুটিরশিল্প কীভাবে শুরু হলো, জানতে চাইলে জয়তুন খাতুন বললেন, ‘আমার স্বামী-শ্বশুর বেতের ব্যবসা করতেন। তিন বছর আগে মাথায় আসে বেতের জিনিসপত্র এত দাম দিয়ে যাঁরা কেনেন, তাঁরা কীভাবে কী করেন, কেন কেনেন, সেটা দেখা দরকার। আমার স্বামীর সঙ্গে ঢাকায় যাই। বিডি ক্রিয়েশনে গিয়ে জানতে পারি, কচুরিপানা দিয়েও নানা রকম পণ্য তৈরি করা যায়। আমাদের মনে হলো, আমরাও তো এটা করতে পারি। তখন বিডি ক্রিয়েশনকে বলি, আমাদের শিখিয়ে দিন। সেখান থেকে তিনজন মাস্টার আমাদের গ্রামে এসে হাতেকলমে শিখিয়ে দেন। এভাবেই শুরু করি। তারপর গ্রামের নারীদের এ কাজে সম্পৃক্ত করি। এখন ৩০ থেকে ৪০ জন নারী কচুরিপানা দিয়ে পণ্য তৈরির কাজ করছেন। বর্তমানে ১০ রকমের পণ্য তৈরি করে বিক্রি করছি। খরচ বাদে প্রতি মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় হয়।’

কচুরিপানা থেকে তৈরি পণ্য তাঁরা হস্তশিল্প রপ্তানিকারক প্রতিষ্ঠান বিডি ক্রিয়েশনে বিক্রি করেন। খুলনার একটি কারখানাতেও পণ্য ও কচুরিপানা সরবরাহ করেন। সেখানে কচুরিপানা থেকে কাগজ, কাগজের পুতুল, নোটবুক, ওয়ান টাইম গ্লাস-প্লেটসহ বাহারি পণ্য তৈরি হচ্ছে।রফিকুল ইসলাম বললেন, ‘বিডি ক্রিয়েশন আমাদের সহযোগিতা করছে। কোম্পানি থেকে অর্ডার নিয়ে এসে নিজেকে অর্থ লগ্নি করে কাজগুলো তুলতে হয়। এনজিও থেকে যে ঋণ নিই, সেটার অনেক সুদ। লাভ খুব একটা থাকে না। তাই সরকার যদি আমাদের পাশে দাঁড়ায়, তাহলে এলাকার অনেক মানুষের কাজের ব্যবস্থা হবে।’

জয়তুন খাতুন বলেন, ‘ভবিষ্যতে এটিকে অনেক দূর এগিয়ে নিতে চাই। আরও বড় পরিসরে করতে চাই। কিন্তু আর্থিক কারণে এগোতে পারছি না। এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে কাজ করতে গিয়ে লাভ বেশি হচ্ছে না। সরকার যদি অল্প সুদে আমাদের ঋণ দেয়, তাহলে এই কাজে গ্রামের অন্তত দুই হাজার নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব।’