নারী ক্রিকেটের উৎসাহ বাড়াতে বিশেষ উদ্যোগ নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে টি-টোয়েন্টি সিরিজ। ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় মুম্বইয়ের ডি ওয়াই পাটিল ক্রিকেট স্টেডিয়ামে অ্যালিসা হিলিদের বিরুদ্ধে নামবে হরমনপ্রীত কউরের ভারত। অজিদের বিরুদ্ধে মোট পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতের মহিলা ব্রিগেড। আর এই ম্যাচগুলিতেই দর্শকদের জন্য স্টেডিয়ামের দরজা খুলে দেওয়া হয়েছে। এখন বিনামূল্যে হরমনপ্রীত, দীপ্তি শর্মাদের খেলা দেখতে পারবেন সমর্থকরা।

এই পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে প্রথম দুটি হবে নবি মুম্বইয়ে। বাকি তিনটি ম্যাচ হবে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে। এই পাঁচটি ম্যাচই সমর্থকরা স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন বলে জানিয়েছেন বিসিসিআইয়ের এক কর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেন, ‘আসন্ন ভারত এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজিত হবে ডি ওয়াই পাটিল এবং সিসিআই স্টেডিয়ামে। এই প্রত্যেকটি ম্যাচেই দর্শকদের প্রবেশের অনুমতি থাকছে। বিসিসিআই বিনামূল্যের টিকিট ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যেকটি স্টেডিয়ামের নির্দিষ্ট গেট থেকে সমর্থকরা টিকিট তুলতে পারবে।সেই বোর্ড কর্তা আরও বলেন, বিসিসিআই মহিলাদের ক্রিকেটের উন্নতির জন্য সব সময় অভিনব ভাবনা-চিন্তা করে চলেছে। কী করে আরও উন্মাদনা বাড়ানো যায় মহিলাদের ক্রিকেটে, তার জন্য একাধিক সিদ্ধান্ত নিয়েছে। এটি তার মধ্যে অন্যতম। আশা করছি স্টেডিয়ামে সমর্থকরা খেলা দেখতে আসবে। আমরা ভালো খেলা দেখেত পারব।

A news by Alisha Pradhan