ভারতীয় বংশধারী মার্কিন রিপাবলিকান নেতা নিকি হ্যালি একটি "বিশেষ ঘোষণা" করবেন৷ আগামী ১৫ ফেব্রুয়ারি এ ঘোষণা দেওয়া হবে। তিনি এই দিনে ২০২৪ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে তার প্রার্থীতা ঘোষণা করতে পারেন। এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

৫১ বছর বয়সী নিকি হ্যালি দুই মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ইতিমধ্যে "বড় ঘোষণা" উপলক্ষে পরিকল্পিত অনুষ্ঠানের আমন্ত্রণপত্র ইমেল করেছেন। গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্টে নিকি হ্যালির পাঠানো আমন্ত্রণপত্র পোস্ট করা হয়েছে। আমন্ত্রণপত্র বলা হয়েছে, বিশেষ ঘোষণার জন্য নিকি হ্যালি আয়োজিত অনুষ্ঠানে যোগ দিন।

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে আগে থেকেই মাঠে রয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বছরের নভেম্বরে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। ট্রাম্প, যিনি রিপাবলিকান পার্টির প্রার্থী ছিলেন, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছিলেন। তার জয়ে চমকে ওঠে বিশ্ব।

ট্রাম্প প্রশাসনে কাজ করেছিলেন নিকি হ্যালি। তাঁকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত করেছিলেন ট্রাম্প। ২০১৮ সালের অক্টোবরে নিকি হ্যালি আকস্মিকভাবে পদত্যাগ করেন। নিকি হ্যালি তার প্রার্থীতা ঘোষণা করলে, ট্রাম্প তার প্রাথমিক প্রতিদ্বন্দ্বী হিসেবে মুখোমুখি হবেন। কারণ ট্রাম্প ছাড়া রিপাবলিকান পার্টির কেউ এখনো তাদের প্রার্থিতা ঘোষণা করেননি।

আমন্ত্রণপত্র অনুযায়ী, নিকি হ্যালির অনুষ্ঠানটি হবে সাউথ ক্যারোলাইনার চার্লসটন ভিজিটর সেন্টারে।সম্ভবত সেখানে তার শত শত সমর্থক থাকবেন।